বিনোদন ডেস্ক
ভারতে পাকিস্তানি বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারে বিধিনিষেধ ও দুই দেশের রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও পাকিস্তানি নাটক ও সিরিজের প্রতি দর্শকদের আগ্রহ কমেনি। নতুন করে এ বিষয়টি আলোচনায় এসেছে নেটফ্লিক্সের আসন্ন পাকিস্তানি সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেট লো’ ঘিরে বিতর্ক এবং দিল্লিতে পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’-এর দর্শকদের আয়োজিত প্রদর্শনীকে কেন্দ্র করে।
পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেট লো’ আগামী ৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে। আহাদ রাজা মীর, ইকরা আজিজ, ফাওয়াদ খান, মাহিরা খান, সানাম সাঈদ, হানিয়া আমির, হামজা আলী আব্বাসী, মায়া আলী, বিলাল আশরাফ ও খুশহাল খানসহ পাকিস্তানের একাধিক পরিচিত তারকা এতে অভিনয় করেছেন।
সিরিজটির প্রচারণামূলক পোস্টার প্রকাশের পর ভারতে নতুন করে বিতর্ক শুরু হয়। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সিরিজটি ভারতে প্রচার বন্ধের দাবি জানিয়েছে। সংগঠনটি নেটফ্লিক্সসহ অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মে পাকিস্তানি কনটেন্ট প্রচার স্থায়ীভাবে বন্ধে আইন করারও আহ্বান জানিয়েছে।
এআইসিডব্লিউএ ২০২৫ সালের ৮ মে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনার কথা উল্লেখ করেছে। পহেলগামে হামলার পর জারি করা ওই নির্দেশনায় ভারতে কার্যক্রম পরিচালনাকারী ওটিটি ও অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মকে পাকিস্তানে তৈরি ওয়েব সিরিজ, চলচ্চিত্র, গান, পডকাস্টসহ সব ধরনের কনটেন্ট প্রচার বন্ধ করতে বলা হয়েছিল। তবে নেটফ্লিক্সের সিরিজটি ভারতে দেখা যাবে কি না, সে বিষয়ে প্ল্যাটফর্মটি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
২০২৫ সালের ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে হামলায় ২৬ পর্যটক ও এক স্থানীয় বাসিন্দা নিহত হওয়ার পর ভারত-পাকিস্তানের সাংস্কৃতিক সম্পর্কেও বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়। হামলার জেরে ভারতে পাকিস্তানি শিল্পী ও বিনোদনমূলক কনটেন্টের বিরুদ্ধে বয়কটের ডাক জোরালো হয়। একই বছরের মে মাসে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানে সামরিক অভিযান চালায়। ওই অভিযানের সমালোচনা করে ফাওয়াদ খান হামলাকে ‘লজ্জাজনক’ এবং মাহিরা খান ‘কাপুরুষোচিত’ বলে মন্তব্য করেছিলেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের মন্তব্যও নতুন সিরিজটির প্রচারণা নিয়ে সমালোচনার অন্যতম কারণ হয়ে উঠেছে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বয়কটের ডাকের পাশাপাশি সিরিজটি দেখার আগ্রহও প্রকাশ করেছেন অনেকে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, নিষেধাজ্ঞা বা বয়কটের আহ্বান জানালেও দর্শকদের আগ্রহ কি আদৌ থামানো সম্ভব?
এদিকে পাকিস্তানের এআরওয়াই ডিজিটালে প্রচারিত নাটক ‘দার-ই-নিজাত’ ঘিরেও ভারতে আলোচনা তৈরি হয়েছে। শেহরিয়ার মুনাওয়ার, দুরেফিশান সেলিম ও নামির নাওয়াজ খান অভিনীত নাটকটি ইউটিউবেও দেখা যাচ্ছে। ভারতীয় দর্শকদের মধ্যে এর জনপ্রিয়তার প্রমাণ হিসেবে দিল্লির একটি ক্যাফেতে ভক্তদের আয়োজিত প্রদর্শনীর কথা সামনে এসেছে।
দ্য প্রিন্টের প্রতিবেদন অনুযায়ী, দিল্লির ওই আয়োজনে প্রায় ৪৫ জন দর্শক অংশ নেন। শুরুতে ১০ থেকে ১৫ জনের উপস্থিতি ধরে আয়োজন করা হলেও আগ্রহ এত বেশি ছিল যে আয়োজকদের নিবন্ধন বন্ধ করতে হয়। নাটকটির পরিচালক সাকিব খানও ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দর্শকদের প্রশ্নের উত্তর দেন। দিল্লির বাইরে বেঙ্গালুরু ও হায়দরাবাদেও নাটকটি ঘিরে দর্শকদের এমন আয়োজন হয়েছে।
এই প্রদর্শনী নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ পাকিস্তানি নাটকের প্রতি ভারতীয় দর্শকদের আগ্রহের সমালোচনা করেছেন, আবার অনেকে শিল্প ও বিনোদনকে রাজনৈতিক বিরোধের বাইরে রাখার পক্ষে মত দিয়েছেন। কিছু মন্তব্যে ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্যও উঠে এসেছে।
নেটফ্লিক্সের সিরিজটির ভারতে প্রচার এবং দিল্লির ক্যাফেতে ‘দার-ই-নিজাত’-এর প্রদর্শনী নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দুই দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক উত্তেজনার মধ্যেও পাকিস্তানি নাটকের প্রতি ভারতীয় দর্শকদের আগ্রহের বিষয়টি এসব ঘটনা আবার সামনে এনেছে।

