আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মার্কিন বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করেছে ইরান—এমন তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। বিষয়টি জানার পর ক্ষুব্ধ হয়েছিলেন স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। একই সময়ে মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধেও স্টারলিংকের শর্ত ভেঙে ড্রোন পরিচালনার অভিযোগ ওঠে।
শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহে স্টারলিংকের দুটি অননুমোদিত ব্যবহারের কথা জানতে পারেন মাস্ক। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরান মার্কিন বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় স্টারলিংক ব্যবহার করছিল। সংশ্লিষ্ট চারজন ব্যক্তি ওয়াশিংটন পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাঁরা নিজেদের পরিচয় প্রকাশ করতে চাননি।
প্রতিবেদনে আরও বলা হয়, একই সময়ে মার্কিন সামরিক বাহিনী স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’ ব্যবহার করে একমুখী আক্রমণকারী ড্রোন পরিচালনা করছিল। এসব ড্রোনের নাম লুকাস। তবে মার্কিন বাহিনী এ জন্য স্থল অভিযানের উপযোগী কম খরচের প্যাকেজ ব্যবহার করছিল। আকাশপথে ড্রোন পরিচালনার জন্য নির্ধারিত প্যাকেজটির খরচ ছিল পাঁচ গুণ বেশি। এ বিষয়েও অসন্তুষ্ট ছিলেন মাস্ক।
গত ১ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক বলেন, অস্ত্র ব্যবস্থায় স্টারলিংকের বাণিজ্যিক পরিষেবা ব্যবহার করা শর্তের লঙ্ঘন। তাঁর ভাষ্য অনুযায়ী, এ ধরনের ব্যবহার শনাক্ত হলে তা বন্ধ করে দেওয়া হয়।
এর আগে জানুয়ারিতে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার ড্রোনে স্টারলিংক টার্মিনাল ব্যবহারের বিষয়টি স্পেসএক্সকে জানায়। পরে রাশিয়ার অননুমোদিত ব্যবহার বন্ধে পদক্ষেপ নেয় প্রতিষ্ঠানটি। ইউক্রেনে ঘণ্টায় ৭০ কিলোমিটারের বেশি গতিতে চলা স্টারলিংক টার্মিনালের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি অনুমোদিত টার্মিনালের তালিকা তৈরিতে ইউক্রেনীয় সেনাবাহিনীর সঙ্গে কাজ করে স্পেসএক্স।
ওয়াশিংটন পোস্ট জানায়, মার্চের প্রথম সপ্তাহের শেষ নাগাদ স্টারলিংকের অপব্যবহারের ঘটনায় অন্তত দুজন নির্বাহী কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। তবে তাঁদের পরিচয় বা বরখাস্তের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
প্রতিবেদনে বলা হয়, ১ মার্চ কুয়েতের পোর্ট শুয়াইবায় একটি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। এর কয়েক ঘণ্টার মধ্যে দ্রুতগতিতে চলা বিমানের জন্য পরিচয় যাচাইয়ের নতুন নিয়ম চালু করে স্পেসএক্স। এতে বেসরকারি বিমানচালকদেরও পরিচয় ও বিমানের বিভিন্ন তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক হয়। তবে ওই হামলায় স্টারলিংক ব্যবহৃত হয়েছিল কি না, তা নিশ্চিত করেনি ওয়াশিংটন পোস্ট। পেন্টাগনও হামলার তদন্তের ফল প্রকাশ করেনি।
স্টারলিংকের অপব্যবহার ঠেকাতে মার্চের পর থেকে বিক্রয় ও বিতরণব্যবস্থায় আরও কঠোর নিয়ম চালু করে স্পেসএক্স। টার্মিনাল কেনা ও পরিষেবা চালু করতে গ্রাহকের পরিচয় যাচাই বাধ্যতামূলক করা হয়। পাশাপাশি অনুমোদিত বিক্রেতাদের মাধ্যমে অন্য বিক্রেতাদের কাছে টার্মিনাল সরবরাহের ব্যবস্থাও স্থগিত করা হয়।
তবে ইরানের ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশটির সরকার বিভিন্ন সময়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। তখন সাধারণ মানুষ ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে ওঠে স্টারলিংক। জানুয়ারিতে বিক্ষোভ দমনের সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলে ইরানে স্টারলিংক ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে সংযোগ চালু করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিশ্লেষকদের মতে, ইরানে স্টারলিংক পুরোপুরি বন্ধ করে দিলে সাধারণ মানুষ ও ভিন্নমতাবলম্বীরা যোগাযোগের সুযোগ হারাবেন। আবার সেবা চালু রাখলে দেশটির সামরিক বাহিনীও তা ব্যবহার করতে পারে। ফলে প্রতিষ্ঠানটির সামনে তৈরি হয়েছে জটিল নিয়ন্ত্রণগত চ্যালেঞ্জ।
প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে ইরান বিভিন্ন দেশে ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে প্রযুক্তি ও সরঞ্জাম সংগ্রহ করে থাকে। ফলে স্টারলিংকের টার্মিনাল কার হাতে যাচ্ছে, তা শনাক্ত করা স্পেসএক্সের জন্য কঠিন হয়ে পড়েছে।

