নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন পুকুর থেকে চার শিশুকে উদ্ধার করে হাসপাতালে ও একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
মৃত শিশুরা হলো—ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তারা সবাই দুপ্তারা খানপাড়া এলাকার বাসিন্দা ও স্থানীয় স্কুলের শিক্ষার্থী ছিল। ওজাইফার বাবা আল আমিন, আফসার বাবা মুন্না, রিয়া মনির বাবা জাহাঙ্গীর এবং রুবাইয়ার বাবা রাকিব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরে নেমে পানির নিচ থেকে চার শিশুকে উদ্ধার করেন।
উদ্ধারের পর দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্য দুজনকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর চার শিশুকেই মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিমুল বলেন, দুটি শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্য দুজনকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়েছিল। হাসপাতালে আনার আগেই চার শিশুর মৃত্যু হয়েছে।
আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুরা পুকুরপাড়ে খেলতে গিয়েছিল। এ সময় তাদের মধ্যে একজন পানিতে পড়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অন্যরাও পানিতে তলিয়ে যায়।
তিনি বলেন, নিহতদের মধ্যে একজন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল এবং সে-ই সবার বড়। মরদেহ উদ্ধারের সময় দেখা গেছে, বড় শিশুটির পা ধরে ছিল অন্য দুই শিশু। এ থেকে ধারণা করা হচ্ছে, একে একে পানিতে তলিয়ে যাওয়া শিশুদের উদ্ধারে বড় শিশুটি পানিতে নামলে অন্য দুই শিশু তার পা ধরে রাখে। এতে সেও পানিতে তলিয়ে যায়।
ওসি জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

