রূপগঞ্জের পূর্বাচলে নারীসহ ২ শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে পূর্বাচল ১১ নম্বর সেক্টরের কুমারটেক এলাকায় অভিযান চালিয়ে সাহানাজ (৪০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এদিকে, একই রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে ১১৪ পিস ইয়াবাসহ উজ্জল মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, কুমারটেক এলাকায় রেস্টুরেন্টের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিনের নির্দেশনায় এসআই আলতাফ হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে ৩০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৫শ’ টাকাসহ মাদক কারবারি সাহানাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাহানাজ তৈবর ভূঁইয়ার স্ত্রী বলে জানা গেছে। সাহানাজ ও তার স্বামী দীর্ঘদিন ধরে প্রভাবশালী এক রাজনৈতিক নেতার ছত্রছায়ায় পূর্বাচল এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো।
অপরদিকে, একই রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে ১১৪ পিস ইয়াবাসহ উজ্জল মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, রূপগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, রূপগঞ্জকে মাদকমুক্ত রাখতে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের মূল হোতাদেরও আইনের আওতায় আনা হবে।

