নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
রোববার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটের দিকে হওয়া এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভুটানের পশ্চিমাঞ্চলে। তাৎক্ষণিকভাবে বাংলাদেশে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভুটানের পশ্চিমাঞ্চলীয় শহর পুনাখার পশ্চিম-উত্তরপশ্চিমে ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমও ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিক তথ্যে এর মাত্রা ৫ দশমিক ৩ উল্লেখ করা হলেও পরবর্তী পর্যবেক্ষণে ইউএসজিএস ৫ দশমিক ৬ মাত্রার তথ্য প্রকাশ করে।
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। রংপুর, গাইবান্ধা, নীলফামারী, সৈয়দপুর, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, কুষ্টিয়া ও শেরপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকেও ভূকম্পন টের পাওয়ার খবর পাওয়া গেছে।
ভূমিকম্পের প্রভাব বাংলাদেশ ছাড়াও ভুটান, ভারত, নেপাল ও চীনের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে। প্রতিবেশী ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের কিছু এলাকাতেও কম্পনের খবর পাওয়া গেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত বাংলাদেশে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

