বিয়ের পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেছে বিশ্বখ্যাত পপতারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসিকে। নবদম্পতির হাস্যোজ্জ্বল উপস্থিতির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে মুহূর্তেই।
গত ৩ জুলাই নিউইয়র্কে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি। এরপর থেকে তাদের প্রকাশ্যে দেখা না যাওয়ায় ভক্তদের মধ্যে ছিল ব্যাপক কৌতূহল।
অবশেষে ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে ট্রাভিসের সাবেক সতীর্থ জুজু স্মিথ-শুস্টার ও লরা ক্রুকের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে হাজির হন এই তারকা দম্পতি।
অনুষ্ঠানে টেইলরকে গোলাপি ফুলেল গাউনে এবং ট্রাভিসকে কালো স্যুটে দেখা যায়। অতিথিদের সঙ্গে হাসি-আড্ডা, ছবি তোলা ও আনন্দঘন মুহূর্তে অংশ নেন তারা।
তারকা এই জুটির স্বাভাবিক ও প্রাণবন্ত উপস্থিতি ভক্তদের নজর কেড়েছে। বিশেষ করে টেইলর সুইফটের হাতে থাকা নতুন বিয়ের আংটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে টেইলর ও ট্রাভিসের সম্পর্কের রসায়নের প্রশংসা করছেন তাদের অনুরাগীরা।
টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির সম্পর্ক ২০২৩ সালে প্রকাশ্যে আসে। দীর্ঘদিনের আলোচিত প্রেমের পর গত ৩ জুলাই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে নিজেদের বিয়ের আনুষ্ঠানিক ছবি এখনো প্রকাশ করেননি এই তারকা দম্পতি।

