বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, দেশের সব বন্ধ জুটমিল, টেক্সটাইল মিল ও শিল্পকারখানা পুনরায় চালুর লক্ষ্যে সরকার কার্যক্রম এগিয়ে নিচ্ছে। তিনি বলেন, এসব শিল্পপ্রতিষ্ঠান চালু হলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং শিল্পখাত আবারও প্রাণ ফিরে পাবে।
শনিবার (১ আগস্ট) টাঙ্গাইলের বাজিতপুর এলাকায় তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে সব বন্ধ জুটমিল, শিল্পকারখানা ও টেক্সটাইল মিল চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। শুধু টাঙ্গাইল নয়, দেশের সব বন্ধ ফ্যাক্টরি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, পাটশিল্প ও রেশমশিল্পের ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। দীর্ঘদিন এসব ঐতিহ্যবাহী শিল্প সংরক্ষণে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হারিয়ে যাওয়া এসব শিল্পকে পুনরুজ্জীবিত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।
মো. শরীফুল আলম বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়লেও পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে অনেক তাঁতি মানসম্মত উৎপাদন ধরে রাখতে পারছেন না। তাই আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে তাঁত শিল্পের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রান্তিক তাঁতিদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের জন্য ঋণ সহায়তা চালুর পরিকল্পনাও রয়েছে, যাতে তাঁত শিল্প আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াতে পারে।
অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে বিভিন্ন তাঁতশিল্প উদ্যোক্তা, তাঁতি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

