যুক্তরাষ্ট্রের লুসিয়ানা অঙ্গরাজ্যে ‘নেগলেরিয়া ফাউলারি’ নামের বিরল ও প্রাণঘাতী অ্যামিবায় আক্রান্ত হয়ে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। লিলিয়ান স্মার্ট নামের শিশুটি স্থানীয় একটি হ্রদে সাঁতার কাটার সময় এই পরজীবীতে আক্রান্ত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
রোববার (২৩ আগস্ট) শিশুটির পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তার মৃত্যুর বিষয়টি জানানো হয়। পরিবারের ভাষ্য, পরজীবীর সংক্রমণে লিলিয়ানের মস্তিষ্কে মারাত্মক ফোলাভাব ও ক্ষয়ক্ষতি হয়েছিল। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লুসিয়ানা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাস্টন শহর থেকে প্রায় ৪৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত ক্লেবোর্ন হ্রদে সাঁতার কাটার সময় লিলিয়ানের শরীরে ‘নেগলেরিয়া ফাউলারি’ প্রবেশ করে বলে ধারণা করা হচ্ছে। উষ্ণ মিষ্টিপানির হ্রদ, নদী ও পুকুরে সাধারণত এই অ্যামিবা পাওয়া যায়।
‘নেগলেরিয়া ফাউলারি’ একটি স্নায়ু আক্রমণকারী অ্যামিবা। দূষিত পানি দুর্ঘটনাবশত নাকের ভেতর দিয়ে প্রবেশ করলে এটি নাকের স্নায়ুপথ ধরে মস্তিষ্কে পৌঁছাতে পারে। সেখানে সংক্রমণ সৃষ্টি করে গুরুতর মস্তিষ্কের প্রদাহ ও ক্ষতির কারণ হতে পারে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এই অ্যামিবার সংক্রমণ অত্যন্ত বিরল। তবে আক্রান্ত হলে রোগটি মারাত্মক হতে পারে। পানি গিলে ফেললে সাধারণত এ সংক্রমণ হয় না এবং আক্রান্ত ব্যক্তির কাছ থেকে অন্য মানুষের শরীরেও এটি ছড়ায় না।
মার্কিন স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১৯৩৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ‘নেগলেরিয়া ফাউলারি’ সংক্রমণের ১৮০টি ঘটনা শনাক্ত হয়েছে। এ রোগের বিরলতা সত্ত্বেও এর উচ্চ মৃত্যুঝুঁকির কারণে উষ্ণ মিষ্টিপানিতে সাঁতারের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়ে আসছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
বিশেষজ্ঞদের মতে, উষ্ণ মিষ্টিপানিতে সাঁতারের সময় নাকে পানি প্রবেশের ঝুঁকি কমানো এবং সন্দেহজনক বা সতর্কতামূলক নির্দেশনা থাকা জলাশয়ে সাঁতার না কাটাই এ ধরনের সংক্রমণের ঝুঁকি কমানোর গুরুত্বপূর্ণ উপায়।

