অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় দিনের আলোতে একটি জাদুঘর থেকে মিসরের সাবেক রাজপরিবারের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক হীরার নেকলেস চুরি হয়েছে। প্ল্যাটিনামের তৈরি নেকলেসটিতে ছিল ৬৭৩টি হীরা, যার ২০১৫ সালের নিলামমূল্য ছিল ৪৩ লাখ মার্কিন ডলার।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে ভিয়েনার মিউজিয়াম অব অ্যাপ্লায়েড আর্টসে সাধারণ দর্শনার্থীর মতো টিকিট কেটে প্রবেশ করে দুই ব্যক্তি। পরে প্রদর্শনী কক্ষে রাখা কাচের সুরক্ষিত ডিসপ্লে কেস ভেঙে তারা ২০০ ক্যারেটের বেশি হীরাযুক্ত নেকলেসটি নিয়ে পালিয়ে যায়।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে দুই ব্যক্তিকে দেখা গেছে। তাদের মুখে কোনো মুখোশ ছিল না এবং একজনের হাতে আগ্নেয়াস্ত্র সদৃশ অস্ত্র ছিল। চুরির পর তারা জাদুঘরের দক্ষিণ পাশের ভিয়েনা স্ট্যাডপার্কের দিকে পালিয়ে যায়।
চুরি হওয়া নেকলেসটি তৈরি করেছিল ফরাসি জুয়েলারি প্রতিষ্ঠান ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলস। ১৯৩৯ সালে মিসরের রানি নাজলি তার মেয়ে রাজকুমারী ফাওজিয়ার বিয়েতে এই নেকলেস পরেছিলেন। ইরানের তৎকালীন যুবরাজ মোহাম্মদ রেজা পাহলভির সঙ্গে ফাওজিয়ার রাজকীয় বিয়ের অনুষ্ঠানে নেকলেসটি পরেছিলেন রানি নাজলি।
সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা থাকা একটি বিশেষ প্রদর্শনীর অংশ হিসেবে ঐতিহাসিক নেকলেসটি ভিয়েনার জাদুঘরে আনা হয়েছিল। চুরির ঘটনায় জাদুঘর কর্তৃপক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
জাদুঘরের মহাপরিচালক লিলি হোলিন বলেন, কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকা সত্ত্বেও চুরিটি ঠেকানো সম্ভব হয়নি। তবে জাদুঘরের কর্মীরা পরিস্থিতি শান্তভাবে সামাল দেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
চোরদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে অস্ট্রিয়ান পুলিশ। ঘটনাস্থলে স্নিফার ডগ ও ফরেনসিক বিশেষজ্ঞদের ব্যবহার করে আলামত সংগ্রহ করা হচ্ছে। নেকলেসটি উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে।

