বিনোদন ডেস্ক
‘মিস্টার বিন’ ও ‘ব্ল্যাকঅ্যাডার’খ্যাত ব্রিটিশ অভিনেতা ও কৌতুকশিল্পী রোয়ান অ্যাটকিনসন চার দশক পর ওয়েস্ট এন্ডে কমেডি স্কেচ শো নিয়ে ফিরছেন। ‘রোয়ান লাইভ’ নামের নতুন এই আয়োজনে তাঁর জনপ্রিয় চরিত্র ও পুরোনো স্কেচের পাশাপাশি থাকবে নতুন পরিবেশনাও।
সোমবার (৫ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আগামী বছরের ৮ ফেব্রুয়ারি লন্ডনের গিলিয়ান লিন থিয়েটারে শুরু হবে ‘রোয়ান লাইভ’। ১৩ মার্চ পর্যন্ত চলবে শোটি। মোট ৩০টি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
নতুন এই শোতে ‘মিস্টার বিন’, ‘ব্ল্যাকঅ্যাডার’ এবং ‘নট দ্য নাইন ও’ক্লক নিউজ’-এর জনপ্রিয় স্কেচ ও চরিত্রগুলো আবারও মঞ্চে তুলে ধরবেন অ্যাটকিনসন। পাশাপাশি শোটির জন্য বিশেষভাবে তৈরি নতুন কিছু পরিবেশনাও থাকবে।
অ্যাটকিনসন বলেন, ওয়েস্ট এন্ডে তাঁর শেষ কমেডি স্কেচ শো করার পর ৪০ বছর পেরিয়ে গেছে। নিজের ও লেখক রিচার্ড কার্টিসের ক্যারিয়ারের শুরুর সময়ের স্কেচগুলো আবার মঞ্চে পরিবেশন করার পাশাপাশি নতুন কিছু কাজ দর্শকদের সামনে তুলে ধরতে চান তিনি।
নতুন শোটিতে অ্যাটকিনসনের সঙ্গে কাজ করছেন দীর্ঘদিনের সহযোগী রিচার্ড কার্টিস, ‘ব্ল্যাকঅ্যাডার’-এর লেখক বেন এলটন এবং সুরকার হাওয়ার্ড গুডঅল। শোটির পরিচালনা করবেন রাজ শ এবং সংগীত পরিচালনায় থাকছেন গুডঅল।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় রিচার্ড কার্টিস ও হাওয়ার্ড গুডঅলের সঙ্গে মঞ্চে কমেডি পরিবেশন করতেন অ্যাটকিনসন। ১৯৮০-এর দশকে বিবিসির ব্যঙ্গাত্মক অনুষ্ঠান ‘নট দ্য নাইন ও’ক্লক নিউজ’-এর মাধ্যমে পরিচিতি পান তিনি। পরে ‘ব্ল্যাকঅ্যাডার’ ও ‘মিস্টার বিন’ চরিত্রের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।
অ্যাটকিনসনের ওয়েস্ট এন্ডে কমেডি স্কেচ শোর ইতিহাসও বেশ পুরোনো। ১৯৮৬ সালে ‘দ্য নিউ রিভিউ’ মঞ্চস্থ হওয়ার পর আর কোনো কমেডি স্কেচ শো নিয়ে ওয়েস্ট এন্ডে ফেরেননি তিনি। যদিও পরবর্তী সময়ে ২০০৯ সালে ‘অলিভার!’ এবং ২০১৩ সালে ‘কোয়ার্টারমেইনস টার্মস’ নাটকে অভিনয় করেছেন। ফলে ‘রোয়ান লাইভ’কে ওয়েস্ট এন্ডের কমেডি স্কেচ শোতে চার দশক পর তাঁর প্রত্যাবর্তন বলা হচ্ছে।
১৯৯০-এর দশকে ‘মিস্টার বিন’ চরিত্রের মাধ্যমে আরও ব্যাপক জনপ্রিয়তা পান অ্যাটকিনসন। সংলাপের তুলনায় শারীরিক অভিব্যক্তি, অঙ্গভঙ্গি ও অভিনয়ের মাধ্যমে হাস্যরস তৈরির কারণে চরিত্রটি বিশ্বজুড়ে বিশেষ পরিচিতি পায়। ২০১২ সালে লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানেও ‘মিস্টার বিন’ চরিত্রে হাজির হয়েছিলেন তিনি।
‘রোয়ান লাইভ’-এর মাধ্যমে পুরোনো জনপ্রিয় চরিত্র ও স্কেচের সঙ্গে নতুন উপাদান যুক্ত করতে যাচ্ছেন অ্যাটকিনসন। দীর্ঘ ক্যারিয়ারের পরিচিত কমেডি চরিত্রগুলোকে আবার মঞ্চে দেখার সুযোগ পাওয়ায় তাঁর ভক্তদের মধ্যেও শোটিকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে।

