নিজস্ব প্রতিবেদক
তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের সরকারি সফর শেষে শুক্রবার ভোরে ঢাকায় পৌঁছান তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বাসসকে এ তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে আন্তালিয়া বিমানবন্দর থেকে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছানোর পর রাত ৮টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা করে তাঁর ফ্লাইট।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গত ১০ নভেম্বর কপ-৩১ ও আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নিতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান তারেক রহমান। সফরকালে তিনি কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেন। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব তুলে ধরেন তিনি।
সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী।
এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটের সমাধানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে সহযোগিতা কামনা করেন তিনি। চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে জ্বালানি, ভারী শিল্প, অবকাঠামো ও কর্মসংস্থান সৃষ্টিতে বিনিয়োগের বিষয়টি গুরুত্ব পায়।
এ ছাড়া ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট এবং পাকিস্তান ও মলদোভার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে সরাসরি বিমান যোগাযোগ চালু ও ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও কথা হয়।
সফরে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সম্মেলনের একটি পার্শ্ব-আয়োজনে অংশ নেন। সেখানে তিনি বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশের নীতিগত উদ্যোগ তুলে ধরেন এবং এ ক্ষেত্রে কারিগরি সহযোগিতার প্রয়োজনীয়তার কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজিত নৈশভোজেও অংশ নেন। এ ছাড়া ডা. জুবাইদা রহমান ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেন।

