আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বজুড়ে ২০২৫ সালে ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে ৪৭ হাজারের বেশি নারী ও মেয়ে হত্যার শিকার হয়েছেন। অর্থাৎ, গড়ে প্রতি ঘণ্টায় প্রাণ গেছে পাঁচজনের। জাতিসংঘের এক নতুন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন এবং মাদক ও অপরাধবিষয়ক সংস্থা ইউএনওডিসি প্রতিবেদনটি প্রকাশ করে। এতে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের হত্যাকাণ্ডের সংখ্যা ৪৫ হাজার থেকে ৫১ হাজারের মধ্যে ওঠানামা করেছে। তবে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে মোট ৭৮ হাজার নারী ও মেয়েকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে। তাঁদের মধ্যে প্রায় ৬০ শতাংশ ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে প্রাণ হারিয়েছেন। ১২২টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করে এ হিসাব তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে মোট হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের মধ্যে নারীর হার ছিল ১৯ শতাংশ। তবে নারী হত্যার ক্ষেত্রে ব্যক্তিগত ও পারিবারিক পরিসরে ঝুঁকি অনেক বেশি। নারী হত্যার শিকার ব্যক্তিদের ৬০ শতাংশই ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নিহত হয়েছেন। পুরুষদের ক্ষেত্রে এ হার মাত্র ১১ শতাংশ।
অঞ্চলভেদে আফ্রিকায় এ ধরনের হত্যাকাণ্ডের সংখ্যা সবচেয়ে বেশি। ২০২৫ সালে সেখানে ২২ হাজার ১০০ নারী ও মেয়ে ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নিহত হয়েছেন। এশিয়ায় এ সংখ্যা ১৫ হাজার ১০০, আমেরিকায় ৭ হাজার ৪০০, ইউরোপে ২ হাজার ১০০ এবং ওশেনিয়ায় ৩০০।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে সামগ্রিক হত্যাকাণ্ডের হার কমলেও নারীদের লিঙ্গভিত্তিক হত্যাকাণ্ডের হার তুলনামূলক ধীরগতিতে কমছে। বিশেষ করে আমেরিকা ও ইউরোপে এ প্রবণতা উদ্বেগজনক।
জাতিসংঘের সংস্থা দুটি বলেছে, সামাজিক রীতিনীতি, লিঙ্গভিত্তিক বৈষম্য এবং বিচার পাওয়ার ক্ষেত্রে নানা বাধা নারীদের বিরুদ্ধে এ ধরনের সহিংসতা ও হত্যাকাণ্ডের পেছনে ভূমিকা রাখছে।
প্রতিবেদনে ‘নারীহত্যা’ বলতে শুধু ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে হত্যাকাণ্ড বোঝানো হয়নি। লিঙ্গপরিচয়ের কারণে সংঘটিত অন্যান্য হত্যাকাণ্ড, যেমন সংঘবদ্ধ অপরাধ, জোরপূর্বক শ্রম বা মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্ট হত্যাকাণ্ডও এর আওতায় পড়তে পারে। তবে ব্যক্তিগত ও পারিবারিক পরিসরের বাইরে সংঘটিত এসব হত্যাকাণ্ডের তথ্য এখনো সীমিত।

