নিজস্ব প্রতিবেদক
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসহ হিসাব পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অযাচিত চাপ উপেক্ষা করে স্বাধীন ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নিরীক্ষার বিশ্বাসযোগ্যতা নির্ভর করে নিরীক্ষকের স্বাধীনতার ওপর। তাই নিরপেক্ষভাবে প্রতিবেদন তৈরির জন্য হিসাব পেশাজীবীদের সাহসের সঙ্গে কাজ করতে হবে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) আন্তর্জাতিক সম্মেলন-২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘সামষ্টিক-রাজস্ব স্থিতিশীলতা সুরক্ষা ও বিনিয়োগকারীদের আস্থা গড়ে তোলা’।
রাষ্ট্রপতি বলেন, দেশের আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, পুঁজিবাজার শক্তিশালী করা এবং মানসম্মত বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য আন্তর্জাতিক মানের নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন প্রয়োজন। বিনিয়োগকারীদের সঠিক তথ্য পাওয়ার পাশাপাশি পূর্বানুমানযোগ্য নিয়ন্ত্রক পরিবেশ নিশ্চিত করাও জরুরি।
তিনি বলেন, গত ১৫ বছরের বেশি সময়ে দেশের ব্যাংকিং, বিমা, পুঁজিবাজার ও করপোরেট সুশাসনের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে। ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে যোগসাজশে বিপুল পরিমাণ সরকারি অর্থ বিদেশে পাচারের ঘটনাও ঘটেছে।
বাংলাদেশের অর্থনীতি নিয়ে ২০২৪ সালের শ্বেতপত্রের তথ্য উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। বছরে গড়ে এই অর্থের পরিমাণ প্রায় ১৬ বিলিয়ন ডলার, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য উল্লেখ করে তিনি বলেন, ২০২৬ সালের জুনের শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা, যা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ।
রাষ্ট্রপতি বলেন, অর্থনৈতিক সংকটের প্রকৃত চিত্র স্বীকার না করলে তা মোকাবিলা করা সম্ভব নয়। অর্থ পাচার ও ব্যাংক জালিয়াতি প্রতিরোধ, চুরি হওয়া সম্পদ আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনা এবং খেলাপি ঋণের বোঝা কমাতে সরকার পদক্ষেপ নিচ্ছে।
তিনি আরও বলেন, অনিয়ম, অর্থের অপব্যবহার ও অযাচিত প্রভাব ঠেকাতে সততা, জবাবদিহি ও স্বচ্ছতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশের অর্থনীতি সুরক্ষার দায়িত্ব শুধু নিরীক্ষকদের নয়; হিসাব পেশাজীবী, কর ও রাজস্ব কর্মকর্তা, সরকারি ক্রয়প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তি, প্রকৌশলী এবং নীতিনির্ধারকদেরও এ দায়িত্ব পালন করতে হবে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থ পাচার, জলবায়ু ঝুঁকি ও প্রযুক্তিগত পরিবর্তনের মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পারস্পরিক আস্থা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় অবদানের কথাও স্মরণ করেন।
সম্মেলনে সাফা উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করায় আখতার সানজিদা কাশেমকে সম্মাননা স্মারক তুলে দেন রাষ্ট্রপতি। আয়োজকেরাও তাঁকে সম্মাননা স্মারক প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার। সাফার সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিএবির সভাপতি সাব্বির আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এম আলাউদ্দিন আহমদ।

