আন্তর্জাতিক ডেস্ক
চীনে দ্রুত বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা। একই সময়ে জন্মহার কমে যাওয়ায় দেশটির কর্মক্ষম জনগোষ্ঠীর ওপর প্রবীণদের ভরণপোষণ ও পরিচর্যার চাপ বাড়ছে। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, দেশটিতে প্রথমবারের মতো শিশুদের তুলনায় প্রবীণদের নির্ভরতার হার বেশি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যের বরাতে দেশটির সংবাদমাধ্যম ইচাই জানিয়েছে, ২০২৫ সালে প্রবীণদের নির্ভরতার হার দাঁড়িয়েছে ২৩ দশমিক ১ শতাংশে। একই সময়ে শিশুদের নির্ভরতার হার ছিল ২২ শতাংশ।
নির্ভরতার হার বলতে কর্মক্ষম জনগোষ্ঠীর তুলনায় নির্ভরশীল প্রবীণ ও শিশুর অনুপাত বোঝায়। অর্থাৎ, ২০২৫ সালে চীনে কর্মক্ষম প্রতি ১০০ জনের বিপরীতে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ ছিলেন প্রায় ২৩ জন। অন্যদিকে, ১৪ বছর বা তার কম বয়সী শিশু ছিল প্রায় ২২ জন।
গত এক দশকে প্রবীণদের নির্ভরতার হার ধারাবাহিকভাবে বেড়েছে। ২০১৬ সালে এই হার ছিল ১৫ শতাংশ। ২০২১ সালেই তা ২০ শতাংশ ছাড়িয়ে যায়। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চীনে ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ২২ কোটি ৩০ লাখের বেশি। বিপরীতে, ১৪ বছর বা তার কম বয়সী শিশুর সংখ্যা প্রায় ২১ কোটি ৩০ লাখ।
জন্মহার রেকর্ড পরিমাণে কমে যাওয়ায় ২০২৫ সালে টানা চতুর্থ বছরের মতো চীনের মোট জনসংখ্যা হ্রাস পেয়েছে। কয়েক দশক ধরে দেশটিতে জন্মহার নিম্নমুখী। ১৯৮০ থেকে ২০১৫ সাল পর্যন্ত কার্যকর থাকা এক সন্তান নীতি এবং দ্রুত নগরায়ণকে এর অন্যতম কারণ হিসেবে দেখা হয়।
বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি এবং জন্মহার কমে যাওয়ার ফলে চীনের সামাজিক নিরাপত্তা, পেনশন ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কর্মক্ষম মানুষের সংখ্যা তুলনামূলকভাবে কমে গেলে প্রবীণদের অবসরভাতা ও পরিচর্যার ব্যয় বহন করাও কঠিন হয়ে উঠতে পারে।
এই জনমিতিক পরিবর্তন মোকাবিলায় বিয়ে ও সন্তান জন্মদানে নাগরিকদের উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে চীন সরকার। এর মধ্যে রয়েছে পরিবারভিত্তিক আর্থিক সহায়তা, শিশু লালন-পালনে ভর্তুকি, পরিচর্যা সুবিধা এবং সন্তান জন্মদানের চিকিৎসাব্যয় কমানোর উদ্যোগ। তরুণ ও পরিবারবান্ধব নগরজীবন গড়ে তোলার প্রতিশ্রুতিও দিয়েছে কর্তৃপক্ষ।
তবে এসব উদ্যোগের মধ্যেও জন্মহার বাড়ানো এবং দ্রুত বয়স্ক হয়ে ওঠা জনগোষ্ঠীর চাহিদা সামাল দেওয়া চীনের জন্য বড় জনমিতিক চ্যালেঞ্জ হয়ে থাকছে।

