আন্তর্জাতিক ডেস্ক
ভারতের কর্ণাটক রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কর্তৃপক্ষ। এতে পুনর্বিবেচনা শুরুর আগের তালিকার তুলনায় ভোটার কমেছে প্রায় ৯৯ লাখ ৩২ হাজার। খসড়া তালিকা থেকে বাদ পড়া ১ কোটি ৭ লাখের বেশি নামের বিপরীতে চূড়ান্ত তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন প্রায় ৮ লাখ ৬৪ হাজার ভোটার।
মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত চূড়ান্ত তালিকায় কর্ণাটকের মোট ভোটার দাঁড়িয়েছে ৪ কোটি ৫৫ লাখ ১১ জন। পুনর্বিবেচনা শুরুর আগে রাজ্যটিতে নিবন্ধিত ভোটার ছিলেন ৫ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ৩১৪ জন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রমের পর এই সংখ্যা কমেছে। এ প্রক্রিয়া ঘিরে ভারতে রাজনৈতিক বিতর্ক ও আন্দোলন চলছে।
চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার রয়েছেন ২ কোটি ২৫ লাখের বেশি এবং নারী ভোটার ২ কোটি ২৯ লাখের বেশি। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ হাজার ৮৪১ জন। তালিকায় ১৮ ও ১৯ বছর বয়সী ভোটার রয়েছেন ৬ লাখ ৮৩ হাজারের বেশি। এ ছাড়া ৮৫ বছরের বেশি বয়সী ভোটারের সংখ্যা ৩ লাখ ৯২ হাজার ছাড়িয়েছে।
নির্বাচন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, খসড়া তালিকা থেকে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছিল বাসস্থান পরিবর্তন করেছেন অথবা নির্ধারিত ঠিকানায় যাদের খুঁজে পাওয়া যায়নি, এমন ভোটারদের। এ শ্রেণিতে বাদ পড়া নামের সংখ্যা ৮০ লাখ ৬২ হাজারের বেশি। মৃত হিসেবে নথিভুক্ত হওয়ায় বাদ পড়েছেন ১৬ লাখ ৩৯ হাজারের বেশি ভোটার। এ ছাড়া একাধিকবার নাম থাকায় সাত লাখের বেশি এবং অন্যান্য কারণে আরও প্রায় ৩ লাখ ৮৩ হাজার নাম বাদ দেওয়া হয়।
তবে খসড়া তালিকা থেকে বাদ পড়া সবাই যে ভোট দেওয়ার অযোগ্য, তা নয়। বাসস্থান পরিবর্তন বা যাচাইয়ের সময় খুঁজে না পাওয়ার কারণে যাদের নাম বাদ পড়েছে, তারা নির্ধারিত প্রক্রিয়ায় পুনরায় নাম অন্তর্ভুক্ত করার আবেদন করতে পারবেন। নির্বাচন কর্তৃপক্ষের কাছে নতুন ভোটার নিবন্ধনসহ বিভিন্ন আবেদন জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে যোগ্য ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে।
চূড়ান্ত তালিকায় নাম আছে কি না, তা কর্ণাটকের প্রধান নির্বাচনি কর্মকর্তার ওয়েবসাইট অথবা ভারতের নির্বাচন কমিশনের ভোটার অনুসন্ধান পোর্টালে যাচাই করা যাবে। ভোটার পরিচয়পত্রের নম্বর বা ইপিআইসি ব্যবহার করে অনুসন্ধান করা সম্ভব। অনলাইনে ‘নো রেজাল্ট ফাউন্ড’ দেখালেই নাম বাদ পড়েছে বলে ধরে না নিয়ে সরকারি তালিকা যাচাই করা এবং প্রয়োজনে সংশ্লিষ্ট নির্বাচনি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

