নারায়ণগঞ্জ সদরের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকালে ঘটে যাওয়া এ ঘটনায় দগ্ধ তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।
দগ্ধরা হলেন মাইদুল ইসলাম (২৪), তার স্ত্রী বিউটি আক্তার (২২) এবং তাদের আট বছর বয়সী ছেলে মারুফ।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক শাওন বিন রহমান জানান, সকালে বাসার ভেতরে সিগারেট ধরাতে দিয়াশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজের কারণে আগে থেকেই কক্ষে গ্যাস জমে ছিল। আগুনের স্ফুলিঙ্গ লাগতেই বিস্ফোরণের ঘটনা ঘটে।
তিনি আরও জানান, মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটি আক্তারের ৯০ শতাংশ এবং মারুফের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনই গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

