প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশনা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ সরকারি শিল্পকারখানা পুনরায় চালু, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ বিষয়ে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন তাঁর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।
তিনি জানান, বৈঠকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কার্যক্রমে গতি আনা এবং বেসরকারি বিনিয়োগের মাধ্যমে উৎপাদন কার্যক্রম দ্রুত শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপ-প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী ২০২৬ সালের মধ্যেই এসব কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে।
বৈঠকে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

