নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সিয়াম মুক্তার ভূঁইয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিয়াম মুক্তার ভূঁইয়ার মৃত্যু হয়। এর আগে বুধবার (৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের ছাপড়া মসজিদের সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত সিয়াম মুক্তার ভূঁইয়া (২০) লস্করদী গ্রামের বাসিন্দা। সংঘর্ষে আহত হওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই বংশের সদস্য মতিন (৫০) ও দেলোয়ার (৪৮)-এর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। কয়েক দিন আগে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ হলেও বিরোধের সমাধান হয়নি। এর জেরে বুধবার রাতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে সংঘর্ষ শুরু হয়।
এ ঘটনায় সিয়াম, মতিন, দেলোয়ার, মামুনসহ অন্তত ১৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মতিন স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। অপর পক্ষের দেলোয়ার আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত। তবে পুলিশ জানিয়েছে, সংঘর্ষের মূল কারণ দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

