আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে অতিথি হিসেবে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার। তবে এ আমন্ত্রণ গ্রহণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
তিনি জানান, ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য ভারতের পাঠানো আমন্ত্রণপত্র বাংলাদেশ পেয়েছে এবং তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আমন্ত্রণের চিঠি পেয়েছি। এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।”
এদিকে, সম্প্রতি বিদেশ সফরের সময় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন টেলিফোনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন—গণমাধ্যমে প্রকাশিত এমন খবর সম্পর্কে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো তথ্য নেই।
তিনি বলেন, “যদি বাংলাদেশের কোনো দূতাবাসের কর্মকর্তা এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তদন্ত সাপেক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
ভারতে চলমান ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এ অঞ্চলে স্থিতিশীলতা প্রত্যাশা করে। তিনি আশা প্রকাশ করেন, বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত নিজস্ব সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ পরিস্থিতির সমাধান করবে।

