গাজা উপত্যকাজুড়ে ২১ লাখ ৫০ হাজারেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি মানবেতর পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। তাদের মধ্যে ৮ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ বসবাসের অনুপযোগী অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) গাজার সরকারি তথ্য দপ্তর এ তথ্য জানিয়েছে। শীতকাল ঘনিয়ে আসার মুখে ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করে সংস্থাটি জানায়, তাঁবুতে বসবাসকারীদের মধ্যে পাঁচ লাখের বেশি শিশু রয়েছে।
অবরুদ্ধ গাজায় আবহাওয়া প্রতিরোধী তাঁবু, অন্তরণ সামগ্রী, ক্রেন ও অন্যান্য আশ্রয় সরঞ্জাম দ্রুত প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলি কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তথ্য দপ্তর।
বিবৃতিতে বলা হয়, গাজার পরিস্থিতি ‘সংকটের চরম সীমায়’ পৌঁছেছে। একই সঙ্গে ধ্বংসস্তূপ অপসারণ, অবকাঠামো পুনর্নির্মাণ এবং সবচেয়ে অসহায় মানুষদের সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
ইসরায়েলি সামরিক অভিযানের কারণে গাজার বাসিন্দারা খাদ্য, পানি ও চিকিৎসাসেবার চরম সংকটে রয়েছেন বলে ত্রাণ সংস্থাগুলো ধারাবাহিকভাবে সতর্ক করে আসছে।
গাজার সরকারি তথ্য দপ্তরের পূর্ববর্তী তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলি বাহিনী উপত্যকাটির প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস করেছে। জাতিসংঘ জানিয়েছে, এসব ধ্বংসপ্রাপ্ত এলাকা পুনর্নির্মাণে আনুমানিক ৭০ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে।

