ফতুল্লায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে অন্তত ৫ শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার ফতুল্লা থানাধীন আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির একটি কক্ষে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২য় শ্রেণির ২ শিক্ষার্থী প্রাঞ্জল ও জাহানারার নাম জানা গেছে। আহত অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে আহত শিক্ষার্থীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্কুলের প্রাক্তণ শিক্ষার্থী মো. মশিউর রেজা সজীব বলেন, প্রাক্তণ শিক্ষার্থী হিসেবে স্কুল পরিদর্শনে এসেছিলাম। ক্লাসরুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ওপর থেকে সিলিং ফ্যানটি খুলে পড়ে। ভাগ্য ভালো কারও মাথায় পড়েনি। মাথায় পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। তারপরও অন্তত ৫ জন শিশু শিক্ষার্থী আহত হয়েছে।
আরেক প্রাক্তন শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আবু জাফর বলেন, প্রধান শিক্ষকের আমন্ত্রণে স্কুলে এসেছিলাম। আসার পরই এ দুর্ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বর্তমানে স্কুল ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মাণ প্রয়োজন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ বলেন, ক্লাস চলাকালে সিলিং ফ্যানটি খুলে নিচে পড়ে যায়। দীর্ঘদিন ধরেই ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এ কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। আমরা নতুন ভবন নির্মাণের জন্য আবেদন করেছি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সর্বশেষ
- জুলাই সনদের আলোচনা শেষ করে ডিসেম্বরেই সংসদে রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী
- কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
- জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
- কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
- একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
- টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি

