নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রমে দায়িত্বে অবহেলা পাওয়া গেলে কর্মকর্তা-কর্মচারীদের অব্যাহতি দেওয়া হবে বলে জানিয়েছেন সিটি প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
মঙ্গলবার নগর ভবনে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক ফগার মেশিন বিতরণ কর্মসূচিতে তিনি এ হুঁশিয়ারি দেন।
প্রশাসক বলেন, যে ওয়ার্ডে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি থাকবে, সেই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে সংক্রমণ ও মশার উপদ্রব কম থাকা ওয়ার্ডের কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কৃত করা হবে।
তিনি আরও বলেন, মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নিয়মিত নজরদারি, পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতা কার্যক্রম জোরদার করতে হবে। দায়িত্ব পালনে ব্যর্থতার দায় সংশ্লিষ্টদের বহন করতে হবে। ফগিং কার্যক্রমে ব্যবহৃত ওষুধ নিয়ে কোনো অনিয়ম বা অপব্যবহার পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সিটি প্রশাসক বলেন, আসন্ন বর্ষা মৌসুম সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আওতায় মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত ফগিং এবং জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে।
নাসিক সূত্রে জানা গেছে, ২৭টি ওয়ার্ডের মধ্যে দুই ধাপে মোট ৩২টি ফগার মেশিন বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডেও প্রয়োজন অনুযায়ী সরঞ্জাম সরবরাহ করা হবে।

