বিনোদন ডেস্ক
নায়ক সালমান শাহর আকস্মিক মৃত্যু ঢাকাই চলচ্চিত্রে তৈরি করেছিল গভীর শূন্যতা। সেই সময় তাঁর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করতে বিনা পারিশ্রমিকে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন চিত্রনায়ক আমিন খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের স্মৃতিচারণ করে এ কথা জানান তিনি।
সালমান শাহ যেদিন মারা যান, সেদিন আমিন খান এফডিসিতে ছিলেন। প্রযোজক ও পরিচালকদের কান্না ও অসহায়ত্ব দেখে পরিস্থিতি তাঁকে নাড়া দিয়েছিল বলে জানান তিনি।
আমিন খান বলেন, সালমানের অসমাপ্ত কাজগুলো গল্পের মোড় ঘুরিয়ে শেষ করার সুযোগ থাকলে তিনি তা বিনা পারিশ্রমিকে করে দিতে চেয়েছিলেন। এতে সংশ্লিষ্ট প্রযোজক ও পরিচালকেরা কিছুটা ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন বলে মনে করেছিলেন তিনি।
প্রয়াত সহকর্মীর প্রতি ভালোবাসা ও চলচ্চিত্রসংশ্লিষ্ট মানুষদের প্রতি দায়িত্ববোধ থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান আমিন খান। তাঁর ভাষ্য, অসমাপ্ত কাজগুলো শেষ করতে পারলে হয়তো বন্ধুর আত্মাও শান্তি পেত এবং সিনেমাগুলোর সঙ্গে জড়িত মানুষদের কষ্টও কিছুটা কমত।
সালমান শাহর সঙ্গে আমিন খানের একসঙ্গে সিনেমায় কাজের সুযোগ হয়নি। তবে ব্যক্তিগতভাবে তাঁদের ঘনিষ্ঠতা ছিল বলে জানান তিনি। একসঙ্গে আড্ডা দেওয়া, চলাফেরা ও বিভিন্ন স্মৃতিও সাক্ষাৎকারে তুলে ধরেন আমিন খান।
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলোর মধ্যে শেষ পর্যন্ত শুধু ‘স্বপ্নের নায়ক’-এ কাজ করার সুযোগ হয় আমিন খানের। তাঁর ভাষ্য, সিনেমাটির গল্পে পরিবর্তন এনে নতুনভাবে এগিয়ে নেওয়ার সুযোগ থাকায় সেখানে তাঁকে যুক্ত করা সম্ভব হয়েছিল। অন্য সিনেমাগুলোর ক্ষেত্রে একইভাবে গল্প পরিবর্তনের সুযোগ ছিল না।
সালমান শাহর স্মৃতিচারণ করে আমিন খান বলেন, বন্ধু যেখানেই থাকুন, ভালো থাকুন—সবসময় এটাই তাঁর চাওয়া।

